ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের রিয়াদ থেকে ফিরেছেন বৈশ্বিক মহামারি করোনায় আটকে পড়া ৪১৭ বাংলাদেশি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তারা দেশে ফিরেন।
জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। সৌদি ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরাদের মধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলানিউজকে বলেন, রিয়াদ থেকে আসা যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় তাদের কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।