ঠিক সময়ে করোনার ফলাফল পাবেন কী বিদেশগামী যাত্রীরা?

বিদেশগামী যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করে এজন্য ১৬টি কেন্দ্র নির্দিষ্ট করে দেয়ার পর বিভ্রান্তি আর ভোগান্তিতে পড়েছে অসংখ্য বিমানযাত্রী।

কারণ বিদেশ যাত্রার আগে তাদের করোনার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হলেও কোথায় তারা নমুনা দেবেন, তা জানা নেই।

যেসব কেন্দ্রের মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষা করানো যাবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেগুলোর কয়েকটি প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে যে, তারা কোন নমুনা সংগ্রহ করে না, শুধুমাত্র পরীক্ষা করে। কিন্তু কীভাবে নমুনা সংগ্রহ হবে, ফলাফল কীভাবে দেয়া হবে, সেটি তাদের জানা নেই।

কয়েকদিনের মধ্যেই বিদেশে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করতে হবে, এমন কয়েকশো মানুষ এসব প্রতিষ্ঠানে ভিড় করেও কোন তথ্য জানতে পারেননি।

জানা গিয়েছে, জেলার সিভিল সার্জন অফিস নমুনা সংগ্রহের ব্যবস্থাপনায় থাকবে। যদিও এখন পর্যন্ত এসব নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়নি।

সরকারের নির্দেশনা অনুযায়ী, বিমান যাত্রার ৭২ ঘণ্টা আগে পাসপোর্ট ও টিকেট দেখিয়ে নমুনা দিতে হবে এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারির ব্যবস্থা করতে হবে। ল্যাবে গিয়ে নমুনা প্রদানে ৩৫০০ টাকা ও বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি ধার্য করা হয়েছে।

বাংলাদেশে করোনার পরীক্ষায় নমুনা দেয়ার পর দীর্ঘদিন অপেক্ষা করার অভিযোগ রয়েছে।
কোন কোন ক্ষেত্রে ফলাফল পেতে সাতদিনেরও বেশি সময় লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে নমুনা দেয়া সম্ভব হলেও মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তার ফলাফল পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন বিমানযাত্রীরা।
তবে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান বলছেন, ”ল্যাবগুলো যাতে ৪৮ ঘণ্টার মধ্যেই ফলাফল দিয়ে দেয়, সেই ব্যবস্থা আমরা করবো। সেরকম ব্যবস্থাই নেয়া হচ্ছে।”

সারা দেশে বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাসের পরীক্ষার জন্য মাত্র ১৬টি প্রতিষ্ঠান নির্ধারণ করে দিয়েছে সরকার।
কিন্তু অনেক জেলাতেই এসব পরীক্ষার কেন্দ্র নেই। ফলে সেসব জেলার বাসিন্দাদের এই পরীক্ষা করানোর জন্য আরেক জেলায় গিয়ে নমুনা দিতে হবে।

Comments (0)
Add Comment