সিরিয়ার আকাশে অল্পের জন্য রক্ষা পেল ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ

সিরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ইরানের একটি যাত্রীবাহী উড়োজাহাজের বিপজ্জনক কাছাকাছি সীমায় আসার পর ইরানি ওই উড়োজাহাজের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ইরানের গণমাধ্যমে এমনটি দাবি করা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী দাবি করছে, তাদের এফ-১৫ যুদ্ধবিমানটি নিরাপদ দূরত্বেই ছিল। খবর বিবিসি।

ইরানের বেসরকারি আকাশসেবা সংস্থা মাহান এয়ারের ওই ফ্লাইটটি বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশে তেহরান ত্যাগ করে। সন্ধ্যার দিকে বিমানটি সিরিয়ার আকাশ দিয়ে ওড়ার সময় ঘটনাটি ঘটে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হবে।

মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমানটি ইরানের যাত্রীবাহী বিমানটির এতই কাছাকাছি চলে আসে যে পাইলট বিমানের উচ্চতা কমিয়ে নিচে নামাতে বাধ্য হন। উচ্চতা পরিবর্তনের সময় একজন যাত্রীর মাথা বিমানের ছাদে লেগে যায়। ওই যাত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমি জানি না কী ঘটল। আমাদের উড়োজাহাজের কাছাকাছি একটি কালো উড়োজাহাজ চলে এল এবং আমাদের উড়োজাহাজ ভারসাম্য হারাল। আমার মাথা বিমানের ছাদে গিয়ে লেগেছিল।’

এছাড়া ওই সময় একজন প্রবীণ যাত্রী মেঝেতে পড়ে আহত হন। অন্য একজন যাত্রী বলছেন, ‘এটা ছিল একটা যুদ্ধবিমান। একটি যুদ্ধবিমান আক্ষরিক অর্থেই আমাদের উড়োজাহাজটিতে লেগে গিয়েছিল। আমরা ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম।’

বৈরুত বিমানবন্দরের প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘যাত্রীদের সবাই নিরাপদে উড়োজাহাজ থেকে নেমেছেন। তবে কয়েকজন সামান্য আহত হয়েছেন।’

Comments (0)
Add Comment