সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি যেতে প্রবাসীদের আর অনলাইনে আবেদন করে অনুমতি নিতে হবে না।
১১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে আমিরাতের অন্যান্য বিমানবন্দরে আগত দেশটির বাসিন্দাদের জন্য ভ্রমণ অনুমোদনের বিধিগুলি একই রয়েছে।
অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ অন্য বিমানবন্দরে অবতরণ করতে আগের মতোই অনলাইনে আবেদন করে অনুমোদন নিতে হবে।
সোমবার (১০ আগস্ট) গাল্ফ নিউজ এই খবর দিয়েছে।
আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর বিমান সংস্থাগুলিকে জানিয়েছে, বিদেশে আটকেপড়া সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আবুধাবিতে অবতরণ করা হলে বাধ্যতামূলক আইসিএ ভ্রমণের অনুমতি নিতে হবে না।
সংশোধিত এই ভ্রমণ বিধি ১১ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
সোমবার বিমান সংস্থাকে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে বৈধ ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের এখন পরিচয় ও নাগরিকত্ব (আইসিএ) এর ফেডারেল কর্তৃপক্ষের কাছ থেকে ভ্রমণের অনুমতি নিতে হবে না’।