লোকসান ঠেকাতে কর্মীদের দীর্ঘমেয়াদী বেতনহীন ছুটিতে পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া

এভিয়েশন নিউজ ডেস্ক : লোকসান ঠেকাতে কর্মীদের দীর্ঘমেয়াদে বেতনহীন ছুটিতে পাঠাচ্ছে ভারতের রাষ্ট্রায়ত্ত আকাশ পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া। খরচ কমানোর জন্য এ পথ বেছে নিয়েছে সংস্থাটি। খবর টাইমস অব ইন্ডিয়া

জানা গেছে, এরই মধ্যে বিভিন্ন আঞ্চলিক দফতরের কাছে নির্দেশ পাঠানো হয়েছে, যেসব কর্মী অসুস্থ, যাদের কর্মদক্ষতা কম বা সময় মতো যাদের পরিষেবা চেয়েও পাওয়া যায়নি, তাদের তালিকা পাঠাতে হবে। এসব কর্মীকে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত বেতনহীন ছুটিতে পাঠানো হবে। এমনকি সেই ছুটি ৫ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

দীর্ঘদিন ধরেই লোকসানে রয়েছে এয়ার ইন্ডিয়া। এর মধ্যে করোনা মহামারীর কারণে ভারতে কয়েক মাস  অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ ছিল। এতে এয়ার ইন্ডিয়ার অবস্থা আরও নাজুক। বর্তমানে ফ্লাইট চলছে। তবে যাত্রী অত্যন্ত কম হওয়ায় পুষিয়ে উঠতে পারছে না কেউ।

এমন পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজীব বানসালকে পরিচালনা পর্ষদ থেকে কর্মীদের বেতনহীন ছুটিতে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে। অবশ্য এর আগে স্থানীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা গো এয়ারও কর্মীদের বেতনহীন ছুটিতে পাঠিয়েছে।

পরামর্শক প্রতিষ্ঠান ক্রিসিল এক হিসাবে জানিয়েছে, ২০২৩ সাল নাগাদ ভারতীয় উড়োজাহাজ সংস্থাগুলোর সার্বিক ক্ষতি দাঁড়াবে ১ দশমিক ১ থেকে ১ দশমিক ৩ লাখ কোটি রুপি। ফলে দেশীয় একাধিক সংস্থা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা জেঁকে বসছে।

Comments (0)
Add Comment