কম ভোটেও প্রেসিডেন্ট হয় যুক্তরাষ্ট্রে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৮০ দিন বাকি রয়েছে। নির্বাচন যতই কাছে চলে আসছে, ততই এ নিয়ে আলোচনা বাড়ছে। যুক্তরাষ্ট্রে কম ভোট পেয়েও প্রেসিডেন্ট হওয়া যায়।

কারণ যুক্তরাষ্ট্রে সরাসরি ভোটারদের ভোটে (পপুলার ভোট) নয়, বরং তাদের নির্বাচিত ‘ইলেক্টোরাল কলেজ’-এর ভিত্তিতে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি ভোট পেয়েছিলেন। তার পরেও হিলারি ক্ষমতায় আসতে পারেননি। অন্যদিকে ভোট কম পেয়েও প্রেসিডেন্ট হন ট্রাম্প। খবর বিবিসির।

চার রাজ্যে সবচেয়ে বেশি ইলেক্টোরাল কলেজ : যুক্তরাষ্ট্রে ভোটাররা মূলত কর্মকর্তাদের একটি দলকে ভোট দেন, যাদের নিয়ে ইলেক্টোরাল কলেজ গঠিত হয়। এসব প্রতিনিধি প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেন। জনসংখ্যার ওপর ভিত্তি করে বিভিন্ন রাজ্যে ইলেক্টোরাল কলেজ সংখ্যা নির্ধারিত আছে।

দেশটিতে মোট ইলেক্টোরাল কলেজ ৫৩৮টি। কেউ প্রেসিডেন্ট হতে গেলে ২৭০টির বেশি ইলেক্টোরাল ভোট পেতে হয়।

ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ সংখ্যক ৫৫টি ইলেক্টোরাল কলেজ আছে। টেক্সাসে ৩৮টি, ফ্লোরিডা ও নিউইয়র্কে রয়েছে ২৯টি করে ইলেক্টোরাল ভোট। সবচেয়ে কম ইলেক্টোরাল কলেজ রয়েছে উয়োমিং রাজ্যে- মাত্র ৩টি।

কিভাবে কাজ করে : কোনো দল যদি রাজ্যে ৫০.১ শতাংশ ভোট পায়, তাহলে সেই রাজ্যের সব ইলেক্টোরাল ভোট তাদের হয়ে যাবে।

সে কারণে জনগণের ভোটের চেয়ে নির্দিষ্ট কিছু রাজ্যে বিজয় চায় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীরা। যুক্তরাষ্ট্রের ৪৮টি রাজ্য বাদে মাত্র দুটি রাজ্যের ইলেক্টোরাল কলেজ নির্ধারিত হয় ভোটারদের অনুপাতে। রাজ্য দুটি হল- মাইনে ও নেবরাস্কা।

কম ভোট পেয়ে কি প্রেসিডেন্ট হতে পারবেন : হ্যাঁ, পারবেন। সর্বশেষ পাঁচটি নির্বাচনের মধ্যে দুটিতে প্রতিদ্বন্দ্বীর চেয়ে কম ভোট পেয়েও বিজয়ী হয়েছেন প্রার্থী।

গত নির্বাচনে হিলারির চেয়ে ৩০ লাখ ভোট কম পেয়েও কেবল ইলেক্টোরাল ভোটের জেরে প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। তারও আগে ২০০০ সালে জর্জ ডব্লিউ বুশ ২৭১টি ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট হয়েছেন।

তবে তার প্রতিদ্বন্দ্বী কিন্তু তার চেয়ে পাঁচ লাখের বেশি ভোট পেয়েও ক্ষমতায় যেতে পারেননি। আরও তিনজন বেশি ভোট না পেয়েও প্রেসিডেন্ট হয়েছেন। তাদের সবাই উনবিংশ শতকের : জন কুইন্সি অ্যাডামস, রুথারফোর্ড বি হায়েস ও বেঞ্জামিন হ্যারিসন।

কেন এমন পদ্ধতি : ১৭৮৭ সালে যখন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয়, তখন জনগণের ভোটের মাধ্যমে একজন প্রেসিডেন্ট নির্বাচন করা খুবই দুঃসাধ্য ব্যাপার ছিল। কারণ হল- দেশের আয়তন ও এর দুর্বোধ্য যোগাযোগ ব্যবস্থা। এজন্য সংবিধান নির্মাতারা ইলেক্টোরাল কলেজ গঠন করেন এবং রাজ্যে ইলেক্টোর সংখ্যা নির্ধারণ করেন। এ অর্থে যুক্তরাষ্ট্রের এই ইলেক্টরোল কলেজ পদ্ধতি সেকেলে।

Comments (0)
Add Comment