গুডইয়ার টায়ার বর্জনের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

উত্তর আমেরিকার বৃহত্তম টায়ার নির্মাতা কোম্পানি গুডইয়ারকে বর্জনের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক মতাদর্শ প্রকাশ নিয়ে এক বিতর্কিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের রোষানলে পড়েছে কোম্পানিটি। জানা গেছে, গুডইয়ার কর্মস্থলে কর্মীদের ব্ল্যাক লাইভ ম্যাটার্স ও সমকামী অধিকার আন্দোলনের দাবিসংবলিত পোশাক পরিধানের অনুমতি দিলেও নিষেধ করেছে ট্রামের প্রচারণাসংক্রান্ত সাজসজ্জা। আর এতেই কোম্পানিটির ওপর ভীষণ ক্ষেপেছেন মার্কিন রাষ্ট্রপ্রধান। খবর বিবিসি।

গুডইয়ার জানিয়েছে, তাদের নীতি বর্ণবাদ ও বৈষম্য সৃষ্টি করে এমন সব অ্যাক্টিভিজমের বিরুদ্ধে। ফলে তাদের উদ্দেশ্য ছিল অন্তর্ভুক্তিমূলক ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল একটি কর্মপরিবেশ নিশ্চিত করা। কিন্তু এতে প্রেসিডেন্টের আক্রমণের পর কোম্পানিটির শেয়ারদরের পতন হয় প্রায় ৬ শতাংশ। মূলত পুরো উত্তর আমেরিকার মধ্যে সবচেয়ে বড় টায়ার নির্মাতা কোম্পানি হলো গুডইয়ার। টায়ার বিজনেসের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নতুন গাড়ির ২৪ শতাংশে গুডইয়ারের উৎপাদিত টায়ার ব্যবহার করা হয়। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল গাড়ি ও দেশটির গোয়েন্দা সংস্থার গাড়িতেও কোম্পানিটির টায়ার ব্যবহার করা হয় বলে জানিয়েছেন সিএনএনের হোয়াইট হাউজ প্রতিনিধি কেইটলান কলিন্স। এমনকি টাম্পের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান এর টায়ারও বানাচ্ছে গুডইয়ার।

কিন্তু কোম্পানিটির একটি প্রেজেন্টেশনের একটি স্লাইড এক কর্মীর মাধ্যমে প্রকাশ হওয়ার পরই ক্ষুব্ধ হন ট্রাম্প। ওই স্লাইডটিতে কর্মস্থলে কোন বিষয় ‘গ্রহণযোগ্য’ বা ‘অগ্রহণযোগ্য’, তা নির্দেশ করা ছিল। আর অগ্রহণযোগ্য বিষয়ের তালিকায় ছিল ট্রাম্পের প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ ও ‘অল লাইভস ম্যাটার’ বিবৃতি।

ফলে ট্রাম্প বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে গুডইয়ারের বিষয়ে লেখেন, আপনারা গুডইয়ারের টায়ার কিনবেন না। তারা মাগা (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) হ্যাট পরিধান নিষিদ্ধ ঘোষণা করেছে। এর চেয়ে বরং অনেক কম দামে আপনারা অন্য টায়ার কিনুন। মূলত ট্রাম্প প্রায় নিয়মিত বিরতিতে বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে তার অসন্তোষ প্রকাশ করে আসছেন। গুডইয়ার ছাড়াও এ তালিকায় আছে অ্যামাজন ও জেনারেল মোটরসের মতো কোম্পানি।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেলেই ম্যাকেনানি বলেন, গুডইয়ার ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের পাশাপাশি সমতাবিষয়ক ইস্যুতে সমর্থন দিলেও পুলিশ কর্মকর্তাদের সমর্থনে ব্লু লাইভস ম্যাটার কিংবা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ক্যাম্পেইনের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তা জানতেন। যতদূর আমি অবগত, তাতে ব্লু লাভস ম্যাটারও একটি সমতাবিষয়ক ইস্যু। কারণ দেশজুড়ে বহু পুলিশ কর্মকর্তা শুধু তাদের ব্যাজের কারণে হামলার শিকার হয়েছেন। এ অবস্থায় গুডইয়ারকে অবশ্যই তাদের নীতি স্পষ্ট করতে হবে।

এদিকে স্থানীয় সময় বুধবার গুডইয়ার নিজের অবস্থানের সপক্ষে জানিয়েছে যে স্লাইড নিয়ে বিতর্ক হচ্ছে, সেটি কোম্পানির প্রধান কার্যালয়ে প্রস্তুত করা হয়নি। একই সঙ্গে স্লাইডটি কোনো ধরনের পুলিশবিরোধী অবস্থান নির্দেশ করে না। গুডইয়ার বরাবরাই সত্যিকার অর্থেই সমতা ও আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। তবে ওহায়োভিত্তিক কোম্পানিটির বিরুদ্ধে প্রেসিডেন্টের এ অবস্থানের নিন্দা জানিয়েছেন অঙ্গরাজ্যটির ডেমোক্রেটিক সিনেটর শেরড ব্রাউন।

তবে আমেরিকার রাজনৈতিক ও জাতিগত বৈষম্য নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে শুধু যে গুডইয়ারই ঝামেলায় জড়িয়েছে তা নয়, গত মাসে অ্যামাজনের বিরুদ্ধে মামলা করেছিলেন কোম্পানিটির একটি অংশের কর্মীরা। তারা জানান, ব্ল্যাক লাইভ ম্যাটার্স আন্দোলনের সপক্ষে কোনো কিছু পরিধান করলে অ্যামাজন কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, যা বৈষম্য ছাড়া আর কিছুই নয়।

এদিকে হিস্পানিক মালিকাধীন গোয়া ফুডসকে বর্জনের ডাক দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক আইনপ্রণেতারা। কোম্পানিটির প্রধান নির্বাহী প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে অবস্থান নেয়ায় তারা এ ডাক দেন।

Comments (0)
Add Comment