ছাঁটাই কমিয়ে আনার লক্ষ্যে স্পেনে রায়ানএয়ারের পাইলটরা ২০ শতাংশ বেতন কর্তনে রাজি হয়েছেন। মূলত নভেল করোনাভাইরাসের কারণে ফ্লাইট সক্ষমতা কমিয়েছে আইরিশ বিমান পরিবহন সংস্থাটি। এছাড়া মহামারীর কারণে বিশ্বের অন্য এয়ারলাইনসের মতো রায়ানএয়ারকেও ব্যবসা সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফলে বিভিন্নভাবে ব্যয়সংকোচনের পদক্ষেপ নিচ্ছে এয়ারলাইনসটি। খবর এএফপি।
এক বিবৃতিতে রায়ানএয়ার জানিয়েছে, স্প্যানিশ পাইলট ইউনিয়ন এসইপিএলএর সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির পাইলটরা ফ্লেক্সিবল ওয়ার্কিং প্যাটার্নও মেনে নিয়েছেন। আশা করা হচ্ছে, এ পদ্ধতিতে এয়ারলাইনসটির উৎপাদনশীলতার উন্নয়ন হবে।
এর আগে সোমবার রায়ানএয়ার জানিয়েছিল, এয়ারলাইনসটি সেপ্টেম্বর ও অক্টোবরের ফ্লাইটের টাইমটেবিল ২০ শতাংশ কমাতে পারে। এর মূলে রয়েছে কিছু ইউরোপীয় দেশে ভাইরাস সংক্রমণের কারণে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা এবং প্রত্যাশার চেয়েও কম চাহিদা।
জুনের শেষ নাগাদ তিন মাসে রায়ানএয়ারের নিট ক্ষতি হয়েছে ১৮ কোটি ৫০ লাখ ইউরো। নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত মন্দার পরিপ্রেক্ষিতে বিমান পরিবহন সংস্থাটি তিন হাজারের মতো কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে এবং ভবিষ্যতেও বেতন কর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।
মূলত বৈশ্বিক মহামারী সারা বিশ্বের বিমান পরিবহন খাতকে টালমাটাল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। ফলে অভাবনীয় ক্ষতির মুখে ব্যাপক হারে কর্মী ছাঁটাই ও বেতন কর্তনের মতো পদক্ষেপ নিচ্ছে এয়ারলাইনসগুলো।