ডিসেম্বরে উড়বে কঙ্গনার তেজাস

ভারতে লকডাউন থেকে এখন জনজীবন স্বাভাবিক চেহারায় ফিরতে শুরু করেছে। বলিউডেও শুরু হয়েছে শুটিংয়ের তোড়জোড়। বিতর্ক বাদে অনেক দিন পর কঙ্গনা রানাওয়াত দিলেন তার নতুন ছবির খবর। কঙ্গনা রানাওয়াত জানিয়েছেন তার ছবি তেজাসের শুটিং শুরু হবে এই ডিসেম্বরে। ছবিতে কঙ্গনা অভিনয় করবেন দুঃসাহসী এক নারী ফাইটার পাইলটের ভূমিকায়।

ভারতীয় বিমানবাহিনীতে ২০১৬ সালে নারীদের সরাসরি যুদ্ধকালীন দায়িত্বে নিয়োগ শুরু হয়। এ ঘটনা থেকেই অনুপ্রাণিত কঙ্গনার তেজাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্গনা লিখেছেন, ডিসেম্বরে উড়বে তেজাস! এ রকম একটি প্রেরণাদায়ী গল্পে যুক্ত হতে পেরে গর্বিত। এটা আমাদের সাহসী বৈমানিকদের প্রতি উৎসর্গীকৃত!

বলা হচ্ছে, ভারতের বিমানবাহিনীর কিছু উল্লেখযোগ্য অভিযানের ঘটনা অবলম্বনে এগোবে তেজাসের গল্প। ছবির গল্প লিখেছেন সরবেশ মেওয়ারা, পরিচালনাও করবেন তিনি। প্রডাকশন কোম্পানি আরএসভিপি প্রযোজনা করছে তেজাস। উল্লেখ্য, উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবিরও প্রযোজক ছিল এই আরএসভিপি।

তেজাস নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা জানিয়েছেন, তেজাস একটি প্রেরণাদায়ী গল্প। এ ছবিতে আমার সৌভাগ্য হয়েছে বিমানবাহিনীর একজন পাইলটের চরিত্রে অভিনয়ের। ছবিতে কাজের সুযোগ পেয়ে আমি গর্বিত…আমাদের ছবি সামরিক বাহিনী এবং তার নায়কদের সম্মান দেখাবে।

তেজাসের প্রস্তুতি প্রযোজক রনি স্ক্রেওয়ালা বলেন, আমাদের প্রস্তুতি যখন মাঝামাঝি, তখনই আঘাত হানল মহামারী। এখন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা পুনরায় কাজ শুরু করতে যাচ্ছি। বছরের শেষ দিকে শুটিং শুরু করব। উরিতে ভারতীয় সেনাবাহিনীর কীর্তিকে দেখানো হয়েছিল আর আমাদের তেজাসে দেখা যাবে বিমানবাহিনীর সাহসী ফাইটার পাইলটদের। রনির মতে, এ ছবি ভারতের তরুণীদের বিমানবাহিনীতে যোগ দিতে প্রেরণা দেবে।

পরিচালক সরবেশ মেওয়ারা বলেছেন, আমার ছবি দেশের মানুষের বর্তমান আবেগের প্রতিফলন। আমি মনে করি আমার ছবি মানুষের মধ্যে স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদ আরো উসকে দিতে ভূমিকা রাখবে। কঙ্গনা খুব সাহসী নারী। তার কণ্ঠে এদেশের তরুণদের প্রতিধ্বনি শোনা যায়। তার সঙ্গে শুটিং শুরু করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

 

সূত্র: ডিএনএ

Comments (0)
Add Comment