বিশ্বব‍্যাপী আকাশ সেবায় যাত্রী ধস কাটছে না

এভিয়েশন নিউজ ডেস্ক :

করোনা সংক্রমণের পর থেকেই বিশ্বব‍্যাপী আকাশপথে যাত্রী পরিবহনে ধস নেমেছে। আকাশ সেবায় যাত্রী কমে গেছে আশঙ্কাজনক হারে। ইন্টারন‍্যাশনাল এয়ার ট্রাভেল অ‍্যাসোসিয়েশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় যাত্রী পরিবহন কমেছে ৭৯.৮ শতাংশ। যা এপ্রিলে ছিল ৯৪.১ শতাংশ।

সংস্থাটির মতে, সাম্প্রতিক সময়ে যেভাবে বিমানের যাত্রীচাহিদা কমছে, তা আগে কখনও হয়নি। এভাবে চলতে থাকলে ২০২০ সালের শেষ নাগাদ বিশ্বের বেশিরভাগ এয়ারলাইনই দেউলিয়া হয়ে যাবে। ভয়াবহ এ বিপর্যয় ঠেকাতে এই মুহূর্তে সব সরকার ও শিল্প সংশ্লিষ্টদের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। এর কোনও বিকল্প নেই। কাঠামোহীন ও জাতীয়তাবাদী সিদ্ধান্তের মাধ্যমে এ বিপর্যয়ে কেউই টিকতে পারবে না।

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিল্পগুলোর একটি বিমান পরিচালনা খাত। করোনা মহামারির কারণে বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট, অচল হয়ে পড়েছে শত শত বিমান। যাত্রীচাহিদা কমে যাওয়ায় বড় লোকসানের মুখে রয়েছে বিমানপরিচালনা প্রতিষ্ঠানগুলো।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব এবং অনেক দেশের সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় হয়তো অনেক এয়ারলাইনই দেউলিয়াত্বের শিকার হয়েছে, অথবা অন্তত ঋণচুক্তি লঙ্ঘন করেছে। বিমান না চলায় অর্থের মজুত দ্রুত শেষ হয়ে আসছে। যেগুলো চলছে তাতেও অর্ধেক আসন খালি থাকছে। প্রতিবার নতুন নতুন সরকার বিমান পরিচালনায় অনুৎসাহিত করায় বুকিংয়ের চেয়ে টিকিট বাতিলের হার বাড়ছে।

 

Comments (0)
Add Comment