যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগোর্ডিয়া বিমানবন্দরে রোববারের একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর ঘটনাটি হল, দুই বোনের মারামারিতে বিমানের ফ্লাইট বিলম্বে ছাড়তে হয়েছে। খবর ডেইলি মেইলের।
বোর্ডিংয়ের সময় বিমানের জেট ব্রিজের মেঝেতে দুই নারীর মারামারির ভিডিও ক্যামেরাবন্দি হয়। পরে যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যে দুই নারী মারামারি করছিলেন তার সম্পর্কে দুই বোন। নিউইয়র্ক থেকে বিমানটি যাচ্ছিলো আটলান্টা। বিমানে ওঠার পর দুই বোনের মধ্যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ শুরু হয়, যা থেকে তারা হাতাহাতি এবং শেষে একে অপরকে মেঝেতে ফেলে ঘুসোঘুসিতে পৌঁছে যান।
ভিডিওতে দেখা যায়, বিমানে উপস্থিত অন্য কেউ প্রথমে তাদের মারামারি থামানো বা মধ্যস্থতার চেষ্টা করছেন না। দূর থেকে দর্শকের ভূমিকা পালন করছেন তারা। শেষে এক নারী ও পুরুষকে তাদের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তবে মারপিটের ফলাফল কী হল তা ক্যামেরাবন্দি হওয়ার আগেই ভিডিওটি শেষ হয়ে যায়।
জানা গেছে, দুই বোনের মারামারির খবর পেয়ে নিরাপত্তা কর্মীরা বিমান থেকে তাদের নামিয়ে নিয়ে যান। তাদের আর ওই বিমানে সফর করার অনুমতি দেয়া হয়নি। তাদের ছাড়াই বিমান গন্তব্যে উড়ে যায়। ডেলটা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, ওই দুই মহিলাকে নামিয়ে নিয়ে যাওয়ার পর তাদের লাগেজগুলো খুঁজে বের করতেই ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়।
সূত্র: ডেইলি মেইল