নিউইয়র্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। স্থানীয় সময় শনিবার এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র এ উপলক্ষে ভার্চুয়াল স্মরণ সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ভার্চুয়াল স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাইফুর রহমান শুধু সিলেটের নয়, তিনি বাংলাদেশের গৌরব ছিলেন। একজন খাঁটি দেশপ্রেমিক, নিবেদিত প্রাণ, কর্মঠ এ কর্মবীর বিরামহীনভাবে দেশের জন্য নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি সমগ্র বাংলাদেশের উন্নয়নে যে ভুমিকা রেখে গেছেন তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মির্জা ফখরুল বলেন, এখন বাংলাদেশকে যে মধ্য আয়ের দেশ বলা হয় তার স্থপতি সাইফুর রহমান।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট শাখার সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় ভার্চুয়াল স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক সাবেক এমপি ও সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম. নাসের রহমান, বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে গাউস, জাসাস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও অভিনেতা হেলাল খান, বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী, জিল্লুর রহমান জিল্লু, ফয়জুল করিম মায়ুন, মিজানুর রহমান, মিফতা সিদ্দিকী, মনজুর আহমদ চৌধুরী, সৈয়দ জুবায়ের আলী, ফয়ছল চৌধুরী, অদুদ আলম প্রমুখ।
এদিকে মরহুম এম. সাইফুল রহমানের আত্মার মাগফিরাত কামনায় নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট এবং ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সাবে অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
–