সিন্ডিকেটের দখলে সৌদিয়া এয়ারলাইন্সের টিকিট

বৈশ্বিক করোনার উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে আটকা সৌদিতে কর্মরত অধিকাংশ কর্মীরই আকামার মেয়াদ প্রায় শেষের দিকে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে ফেরার বাধ্যবাধকতা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ (প্রতিষ্ঠান মালিক-কফিল)।
সৌদির ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত বাতিলের খবরে গত চার দিন রাজধানীর বিভিন্ন স্থানে (জাতীয় প্রেসক্লাব, মতিঝিল ও কারওয়ানবাজার এলাকা) বিক্ষোভ করে আটকে পড়া শত শত প্রবাসীরা।
সমস্যার কিছুটা সুরাহা হয়েছে। সৌদিয়া এয়ারলাইন্সকে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেবিচক।
অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও ল্যান্ডিং পারমিশন দেয়নি সৌদি। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে ২৫২ যাত্রী নিয়ে সৌদি গিয়েছে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
এদিকে সৌদি এয়ারলাইন্সের টিকিট নিয়ে সিন্ডিকেট করে বাণিজ্য শুরু করেছে একটি দুষ্ট চক্র।
এই সিন্ডিকেটে জড়িত কয়েকটি ট্রাভেলস এজেন্সি।
টাকার বিনিময়ে টিকিটের টোকেনের সিরিয়াল ভেঙে আগের জনকে বাদ দিয়ে অনেক পরের জনের হাতে টিকিট তুলে দিচ্ছে সিন্ডিকেটের সদস্যরা।
বিষয়টি অবগত হয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানও।
এ সিন্ডিকেটের হাত থেকে প্রবাসীদের রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন বেবিচকের চেয়ারম্যান।
গতকাল মঙ্গলবার তিনি বেসামরিক বিমান চলাচল মন্ত্রীকেও বিষয়টি জানিয়েছেন।
পাশাপাশি মঙ্গলবার বেবিচক আয়োজিত এক গণশুনানি অনুষ্ঠানেও টিকিট নিয়ে কারসাজির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিষয়টি তিনি উত্থাপন করেন বলে বেবিচক সূত্র জানায়।

Comments (0)
Add Comment