সৌদি থেকে ছুটি কাটাতে আসা বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর প্রশ্নে সৌদি আরব কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে ভিসার মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য সৌদি আরব সরকারকে চিঠি দেয়া হয়েছে।
কিন্তু সৌদি আরবে সরকারি ছুটি থাকায় সিদ্ধান্তের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দুইদিন ধরে প্রবাসীদের অনেকে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বিমানের টিকেট এবং ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে ঢাকায় বিক্ষোভ করছেন।
এমন প্রেক্ষাপটে প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর একটি বৈঠক আজ বুধবার অনুষ্ঠিত হয়।
আন্তঃমন্ত্রণালয়ের এই বৈঠকের পর প্রবাসী কল্যাণমন্ত্রী সংবাদ সম্মেলনে তাদের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এ ধরনের বিক্ষোভ বা আন্দোলন করলে সৌদি আরবের কাছে ভুল বার্তা যাবে।