প্রাণঘাতী করোনার প্রকোপ বাড়তে থাকায় লকডাউনের বিধিনিষেধ আবারও বাড়িয়েছে ইতালি। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে দেশটির বেশ কিছু অঞ্চলকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।
করোনা সংক্রমণের হারের ওপর ভিত্তি করে তিনস্তরের লকডাউন পদ্ধতি চালু করেছে ইতালি।
এর মধ্যে লাল চিহ্নিত এলাকা বা রেড জোনে সংক্রমণ বেশি থাকায় বিধিনিষেধ সবচেয়ে বেশি।
কমলা বা অরেঞ্জ জোনে ঝুঁকি মধ্য মানের এবং হলুদ রং বা ইয়েলো জোনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম।
রেড জোন এলাকাগুলো স্বয়ক্রিয়ভাবেই আংশিক লকডাউন হয়ে যায়। সেখানে মুদি দোকান, ফার্মেসির মতো অতিজরুরি ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া বাকি সব বন্ধ করে দেয়া হয়।
ইতালির ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক জিয়ানি রেজা জানান, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়াায় কঠোর বিধিনিষেধ ফিরিয়ে আনতে হয়েছে।