‘শাকিবের সঙ্গে আমার রসায়ন ছিল চমৎ​কার’

‘শিকারি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ছবিতে প্রথম কাজ করছেন টালিগঞ্জের নায়িকা শ্রাবন্তী। কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ ব্যানারের এই ছবিতে তাঁর বিপরীতে আছেন শাকিব খান। ছবিটির শুটিং এখনো শেষ হয়নি। শাকিব খানের সঙ্গে তাঁর অভিনয়ের অভিজ্ঞতাসহ নানা বিষয়ে কলকাতা থেকে মুঠোফোনে  কথা বলেছেন শ্রাবন্তী।
‘শিকারি’ ছবির কাজের খবর কী?
টানা ২০ দিন কাজ করলাম। এখনো গানের দৃশ্য ধারণ করা বাকি আছে। ২৫ মে আমাদের যুক্তরাজ্যে যাওয়ার তারিখ ঠিক করা হয়েছে। ওখানে গানের শুটিং হওয়ার কথা।
শাকিব খানের সঙ্গে প্রথম অভিনয় করলেন। কেমন লেগেছে?
খুবই ভালো লেগেছে। তিনি খুব ভালো অভিনয় করেন। সংলাপ দেওয়ার সময় চোখ-মুখের অভিব্যক্তি অসাধারণ। আর মারামারির দৃশ্যও দুর্দান্ত করেছেন শাকিব খান। আমি তো রীতিমতো তাঁর ভক্ত হয়ে গেছি।
শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল?
প্রথম দিন ক্যামেরার সামনে আমাদের দুজনের একটি রোমান্টিক দৃশ্য ছিল। দৃশ্যটি করার সময় তাঁর সংলাপ, চোখে-মুখের অভিব্যক্তি দেখে আমি তো থ হয়ে গিয়েছিলাম। তখনই মনে হয়েছিল, শাকিবের সঙ্গে ভালো কাজ হবে। শাকিবের সঙ্গে আমার রসায়ন ছিল চমৎ​কার।
ঢাকাতে ‘শিকারি’ ছবির মহরতের সময় আপনি বলেছিলেন, কলকাতায় শুটিংয়ের সময় শাকিব খানকে নিজ হাতে রান্না করে খাওয়াবেন। খাইয়েছেন কি?
শাকিব খানের সঙ্গে আমার প্রায় ২০ দিন শুটিং হয়েছে। একদিনও কলকাতাতে শুটিং হয়নি। সব শুটিং হয়েছে কলকাতার বাইরে হলদিয়া, বনপুর ও রানীগঞ্জে। ফলে রান্না করে খাওয়ানোর সুযোগই হয়নি। তবে সামনে কোনো দিন যদি কলকাতায় শুটিং পড়ে, তাহলে অবশ্যই তাঁকে রান্না করে খাওয়াব।

 

এর মধ্যে বাংলাদেশের আর কোনো ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কি?
একটা ছবিতে কাজের ব্যাপারে কথাবার্তা হয়েছে। বাংলাদেশ থেকে একজন পরিচালক ছবির গল্প পাঠিয়েছেন। গল্পটি আমি পড়েছি। ভালো লেগেছে। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা। তবে চূড়ান্ত নয়। পারিশ্রমিক নিয়ে এখনো কোনো কথা হয়নি। তবে ব্যাটেবলে মিলে গেলে কাজ হতে পারে। এতটুকুই।

Comments (0)
Add Comment