যুক্তরাজ্যে বিশেষ ভিসা চালু হচ্ছে হংকংয়ের বাসিন্দাদের জন্য

আগামী রবিবার থেকে হংকংয়ের বাসিন্দাদের বিশেষ ভিসা চালু করছে যুক্তরাজ্য। আশা করা হচ্ছে, নতুন প্রবর্তিত বিশেষ ভিসা ব্যবহার করে প্রায় ত্রিশ লাখ মানুষ হংকং ছাড়বে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানায়, হংকংয়ের ব্রিটিশ ন্যাশনাল (বিদেশি) পাসপোর্টধারী এবং তাদের ওপর নির্ভরশীলরা স্মার্টফোনের একটি অ্যাপ ব্যবহার করে এই ভিসার আবেদন করতে পারবে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি থেকে বিএনও পাসপোর্টকে আর ভ্রমণ নথি বলে বিবেচনা করবে না বেইজিং।

গত জুলাইতে হংকংয়ে বেইজিং নতুন নিরাপত্তা আইন চালুর পর সেখানকার বাসিন্দাদের নতুন ভিসা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাজ্য। তবে এই পদক্ষেপ না নিতে যুক্তরাজ্যকে সতর্ক করে দেয় চীন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, অঞ্চলটির সঙ্গে ঐতিহাসিক বন্ধন ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা দেখাতে নতুন ভিসা চালু করা হয়েছে।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে হংকংয়ের প্রায় সাত হাজার বাসিন্দা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। নতুন ভিসার জন্য যারা আবেদন করবে তারা পাঁচ বছরের পর স্থায়ী বসবাসের আবেদন করতে পারবে আর তার ১২ মাসের মাথায় নাগরিকত্বের যোগ্য হবে।

হংকং থেকে যুক্তরাজ্যে বসবাসের যোগ্য প্রায় ২৯ লাখ নাগরিক রয়েছে। আর তাদের ওপর নির্ভর রয়েছে প্রায় আরও ২৩ লাখ। তবে ব্রিটিশ সরকার আশা করছে এদের মধ্যে অন্তত ত্রিশ লাখ মানুষ যুক্তরাজ্যে বসবাস করতে যাবে।

Comments (0)
Add Comment