২০১৬ সালকে পর্যটনবর্ষ ঘোষণা করেছে সরকার। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি ‘ভিজিট বাংলাদেশ ইয়ার’ কার্যক্রমে ১০ লাখ পর্যটক আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যটন খাতের বিকাশে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে এনবিআরে কিছু প্রস্তাব পাঠিয়ে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন বছরে ১০ লাখ বিদেশি পর্যটককে বাংলাদেশে ভ্রমণে নিয়ে আসার পরিকল্পনার কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রস্তাবে ভ্রমণ কর কমানোর কথা বলা হয়েছে বিশেষ গুরুত্ব দিয়ে।
এনবিআর সূত্রে জানা যায়, ভ্রমণ কর বাবদ প্রতিবছর বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব আহরণ করে। গত অর্থবছরই প্রায় ৮০০ কোটি টাকার ভ্রমণ কর আহরণ করেছে বাংলাদেশ। এ ধরনের করের বিশাল অংশ আসে ভারতীয় নাগরিকদের কাছ থেকে। চলতি অর্থবছরের বাজেটে ভ্রমণ কর বাড়ানো হয়। বিদেশ ভ্রমণ করহার নির্ধারণ বিধিমালা-২০১৪ অনুযায়ী বর্তমানে সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য আকাশপথে ভ্রমণ করলে এক হাজার ২০০ টাকা কর দিতে হয়। এ ছাড়া জলপথে ৮০০ ও স্থলপথে ৫০০ টাকা আদায় করা হয় ভ্রমণ করবাবদ।
ট্যুর অপারেটররা জানান, চলতি বাজেটে বিদেশ ভ্রমণের ওপর কর বাড়ানোর ফলে আকাশপথে ভ্রমণ করলে ২০ থেকে ৩০ শতাংশ বেশি কর দিতে হচ্ছে। ভ্রমণ করের অর্থ বিমানের টিকিট কাটার সময় কেটে রাখে বিমান সংস্থাগুলো। পরে ওই বিমান সংস্থা সরকারের কোষাগারে ভ্রমণ করের টাকা জমা দেয়। তাই বাংলাদেশে বিমান ভ্রমণে টিকিটের দামও বেড়েছে। আকাশপথে সার্কভুক্ত দেশ ভ্রমণে একজন যাত্রীকে বর্তমানে এক হাজার ২০০ টাকা করে ভ্রমণ কর দিতে হয়। আগে এক হাজার টাকা ভ্রমণ কর দিতেন যাত্রীরা। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দূরপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমণ করলে কর দিতে হচ্ছে চার হাজার টাকা, যা আগে ছিল তিন হাজার টাকা। এগুলো ছাড়াও অন্য কোনো দেশে যেতে হলে ভ্রমণ কর আড়াই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া আকাশপথের মতো স্থল ও জলপথেও ভ্রমণ কর বাড়ানো হয়েছে। স্থলপথে যাত্রীপ্রতি ২০০ টাকা বাড়িয়ে ভ্রমণ কর ৫০০ টাকা করা হয়েছে চলতি বাজেটে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি প্রফেসর ড. আকবর উদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে ভ্রমণ কর কমানোর দাবি জানিয়ে আসছি। পর্যটনবর্ষ শুরু হওয়ায় পর্যটকদের প্রণোদনা না দিলে পর্যটনবর্ষের লক্ষ্য অর্জন হবে না।’
টোয়াবের পরিচালক ও জার্নি প্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিক রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বাংলাদেশে পর্যটন খাতের বিকাশে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পর্যটনবর্ষ উপলক্ষে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দেশে পর্যটক আনতে হবে। আসন্ন বাজেটে ভ্রমণ কর কমানোসহ ট্যুর অপারেটরদের প্রণোদনা দেওয়া, পর্যটকবাহী গাড়ি আমদানিতে শুল্কসুবিধা দেওয়ার দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, পর্যটনবর্ষে মালয়েশিয়াসহ পৃথিবীর বহু দেশ তাদের দেশে পর্যটক আগমন বাড়াতে শুধু ভ্রমণ করে ছাড় দেওয়াই নয়, শপিং কুপন, ডিসকাউন্ট কুপন, ডিউটি ফ্রি শপিং, বিমানের টিকিটে ছাড়সহ নানা সুবিধা দিয়ে থাকে। পর্যটক এলে অর্থনীতিতে যে পরিমাণ প্রাণ সঞ্চার হবে তা বিবেচনা করে এসব বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী বলেন, এ দেশের স্বাভাবিক সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়। পর্যটকদের কিছু সুবিধা দিলে অবশ্যই পর্যটন খাত আরো সমৃদ্ধিশালী হবে। তিনি আরো বলেন, ‘এ খাতে অনেক বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হতে পারে। এ ক্ষেত্রে সরকার নজর দিয়েছে। আশা করি এর সুফল পাব।’
পর্যটন খাতে গত তিন বছরে গড়ে প্রতিবছর প্রায় ১৮২ কোটি ৩০ লাখ ডলার আয় হয়েছে এবং প্রতিবছর গড়ে বাংলাদেশে চার লাখেরও বেশি পর্যটক এসেছে। এ সংখ্যা দিন দিন বাড়ছে। এ দেশের কক্সবাজার সমুদ্রসৈকত ও ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত।