আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাকশানে স্বর্ণের খনি ধসে কমপক্ষে চার শ্রমিক নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
গত রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর আফগানিস্তান টাইমসের।
প্রদেশিক পুলিশের মুখপাত্র সানাউল্লাহ রোহানি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাকশানের রেগিস্তান জেলার ওই স্বর্ণ খনিতে হঠাৎ ভূমিধসের ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে।
পার্বত্য ওই অঞ্চলটিতে অসংখ্য খনি রয়েছে, যার অধিকাংশই অবৈধ। এখানে যে শ্রমিকরা কাজ করেন, তারাও বেশিরভাগ অদক্ষ ও অনভিজ্ঞ। এ কারণেই এ অঞ্চলটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত কর্মীদের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।