কুয়েতের সীমান্ত বিদেশিদের জন্য বন্ধই রয়ে গেল

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কুয়েত বিদেশি নাগরিকদের জন্য শেষ পর্যন্ত নিজেদের সব স্থল ও সমুদ্র সীমানা না খোলার ঘোষণা দিয়েছে। দেশটির মন্ত্রিসভা এরই মধ্যে সিদ্ধান্তটি নিয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি তথ্যটি নিশ্চিত করেছে।

কুয়েতি মন্ত্রিসভার ঘোষণা অনুসারে, এ নিষেধাজ্ঞা আগামী বুধবার (২৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়ে অন্তত ২০ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

তারা জানিয়েছে, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং নিরপেক্ষ অঞ্চলের কর্মী ও তাদের গৃহকর্মীরা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন। এছাড়া কুয়েতি নাগরিক ও তাদের প্রথম সারির আত্মীয়রাও (বাবা-মা, ভাই-বোন ও ছেলে-মেয়ে) প্রবেশের অনুমতি পাবেন।

তবে কুয়েতি নাগরিকরা দেশটিতে পৌঁছানোর পরপরই বাধ্যতামূলক এক সপ্তাহ হোটেলে এবং পরের সপ্তাহ বাসায় কোয়ারেন্টিনে থাকতে হবে।

মন্ত্রিদের সাপ্তাহিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধান এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করে একটি যৌথ কমিটি গঠন করবেন। আগতদের কোয়ারেন্টিন ব্যবস্থাপনা এবং পৌঁছানোর পরের কার্যক্রম তদারকির দায়িত্ব থাকবে এই কমিটির হাতে।

মন্ত্রিসভার পক্ষ থেকে আরও বলা হয়, বুধবার থেকে কুয়েতের রেস্টুরেন্ট ও ক্যাফেগুলো শুধু ডেলিভারি এবং খাবার নিয়ে যাওয়ার শর্তে খোলা রাখা যাবে।

এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) করোনা ভাইরাস সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ৩৫টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় কুয়েত।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালকের (ডিজিসিএ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ওই ৩৫টি দেশের নাগরিকেরা সরাসরি কুয়েত ভ্রমণ করতে পারবেন। তবে পৌঁছানোর পর অবশ্যই নিজ খরচে হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এ ক্ষেত্রে হোটেলের ভাড়াও নির্ধারণ করে দেওয়া হয়।

যদিও এর তিনদিন পরেই বিদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিল কুয়েতি মন্ত্রিসভা।

Comments (0)
Add Comment