‘ফ্লোর পেলেই নাচতে ইচ্ছে করে’

মম। ২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মম অভিনয় করছেন চলচ্চিত্র আর টিভি নাটকে। মুঠোফোনে ১০ মিনিট বিভাগে এবারের অতিথি তিনি।

 

মুঠোফোনে ১০ মিনিট

যাঁর হাসি সবচেয়ে বেশি সুন্দর…
চার্লি চ্যাপলিনের! তিনি হাসতেন কম, কিন্তু তাঁকে দেখে আমরা এখনো হাসি।
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে…
স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
সকালে উঠেই যা দেখতে চাই…
নিজেকে। আয়নায় নিজেকে দেখতে চাই।
দেখা হয়নি এমন একটি জায়গা, যেখানে যেতে চাই…
কিছুই দেখা হয়নি। পুরো পৃথিবীটা দেখতে চাই।
খুব সহজ কিছু, যা আমি পারি না…
খুব সহজে মিথ্যা কথা বলতে পারি না। মিথ্যা বলতেই গেলেই তোতলামো এসে যায়, সবাই বুঝে ফেলে যে আমি মিথ্যা বলার চেষ্টা করছি।
আমি চমকে যাই তখন, যখন কেউ…
যা ভাবি না, তা করে বসে। বিশেষ করে যখন কেউ কোনো ব্যাপারে উইশ করে।
ফ্রিজে যে খাবারটা না থাকলে সত্যিই মেজাজ খারাপ হয়…
আইসক্রিম! আইসক্রিম আমার খুব প্রিয়।
যাঁকে বেশি জ্বালাতন করি…
মা আয়েশা আক্তারকে। সারা জীবন তাঁকে জ্বালিয়ে যাচ্ছি।
যে বা যাঁরা আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ করেন…
কাছের মানুষেরা। বিশেষ করে পরিবারের সদস্যরা। কারণ, আমি সব সময় তাঁদের জ্বালাই।
যে কাজে সবচেয়ে বেশি আলসেমি করি…
ঘুম থেকে উঠতে। সকাল আটটা-সাড়ে আটটার দিকে উঠে পড়ি কাজের চাপে। কাজ না থাকলে ঘুম আর ঘুম।
মঞ্চে যেবার নাটকের সংলাপ ভুলে গিয়েছিলাম…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মঞ্চে একবার রক্তকরবী নাটকের একক শো ছিল। সেখানে সংলাপ ভুলে গিয়েছিলাম! তখন বুদ্ধি করে একটা গান গেয়ে ফেলেছিলাম!
নাট্য ও নাট্যতত্ত্বের শিক্ষার্থী হিসেবে আমি আমাদের নাট্যাঙ্গনের সবচেয়ে দুর্বল যে দিকটা দেখি…
এটা কেবল নাট্যাঙ্গনের বেলায় নয়, পুরো ইন্ডাস্ট্রির বেলায় প্রযোজ্য—আমাদের মধ্যে পেশাদারত্বের অভাব আছে।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার না হলে…
একই কাজ করতাম। তবে আজকের পর্যায়ে আসতে হলে হয়তো আরও সময় লাগত।
সারা দিন একটি গান শুনতে বললে যে গানটি শুনব…
নির্দিষ্ট কোনো গানের কথা বলা মুশকিল। তবে সকালে প্রথম যে গানটি শুনি, সেটাই মাথায় ঘুরতে থাকে। নতুন কোনো গান না শোনা পর্যন্ত সেটার রেশ থেকেই যায়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর মনে হয়েছিল…

পৃথিবীটা অনেক সুন্দর! নিজের ভাগ্যকে বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল, না চাইতেই যেন বিশাল কিছু পেয়ে গেছি।

 

ভক্তদের কাছ থেকে পাওয়া প্রথম উপহার যা ছিল…

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পরের ঘটনা। কোনো এক ভক্ত একটা পোশাক উপহার দিয়েছিলেন। সেটা আমি পরেছিলাম।

 

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বাকি জীবনের লক্ষ্য…

ক্যারিয়ারের যে জায়গাটায় পৌঁছাতে পারিনি, সেখানে যেতে চাই।

 

মাঝে মাঝে ইচ্ছে করে…

গান গাইতে। নিজের জন্য গান করি, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে সত্যিকারের শিল্পীদের মতো যদি গাইতে পারতাম!

 

যে গানের সঙ্গে নাচতে ভালো লাগে…

যেকোনো গান। তবে গানের চেয়ে বড় কথা হলো ফ্লোর। ফ্লোর পেলেই নাচতে ইচ্ছে করে।

 

অবসরের প্রিয় সঙ্গী…

আমি নিজেই। অবসরে নিজেকে বুঝতে চাই।

Comments (0)
Add Comment