করোনাভাইরাস মোকাবিলায় কুয়ালালামপুরসহ বেশ কয়েকটি রাজ্যে চলছে লকডাউন, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত।
তার মধ্যেই শর্তসাপেক্ষে রমজানের বাজার খোলার অনুমতি দিয়েছে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরিজ মন্ত্রী তান শ্রী আনুয়ার মুসা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মে) কুয়ালালামপুরের সিটি হলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী জানান, কুয়ালালামপুরের ইফতার বাজারগুলো বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ঈদের বাজারগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। সেক্ষেত্রে মানতে হবে সুরক্ষা বিধি, ব্যবহার করতে হবে মাস্ক।
বেচা-কেনায় সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, এই লকডাউন চলাকালে কুয়ালালামপুরের জালান তুয়ানকু আবদুল রহমান এলাকার পাসার মালামকে (রাতের বাজার) খোলার অনুমতি দেয়া হবে। নগরীর রাতের বাজারের জন্য এসওপি পর্যালোচনা করা হবে।
একই সঙ্গে দেশটির সেলাঙ্গর প্রদেশে চলমান লকডাউনে থাকা ৬টি জেলাতেও রমজান বাজার ও পাসার মালাম (রাতের বাজার) খোলা থাকবে।
মালয়েশিয়ায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর করোনার সংক্রমণ ভয়াবহ রকম বৃদ্ধি পাওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী, দেশটির সেলাঙ্গর রাজ্যের হুলু লাঙ্গাত, পেতালিং, গোম্বাক, ক্লাং, কুয়ালা লাঙ্গাত ও সেপাং জেলাকে ১২ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে; যা ৬ মে থেকে ১৭ মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।