বিদেশি মদসহ বরিশাল বিমানবন্দরে প্রকৌশলী আটক

মঙ্গলবার দুপুরে বরিশাল বিমানবন্দর থেকে এক বোতল বিদেশি মদসহ মাহামুদুল হাসান নামে এক প্রকৌশলীকে আটক করা হয়েছে।

বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হওয়ার পর মদ থাকার বিষয়টি প্রকাশ পেলে তাকে আনসার সদস্যরা আটক করেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই নিরাপত্তা প্রহরীকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

নাটোরের লালপুর এলাকার বাসিন্দা আটক মাহামুদুল হাসান। তিনি পটুয়াখালীর কলাপাড়ায় একটি সরকারি প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

বিমানবন্দরের আনসার কমান্ডার জসীম উদ্দিন তালুকদার জানান, স্ক্যানিং পার হয়ে যাওয়ার পর সন্দেহ হলে ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ব্যাগে বিদেশি মদের বোতল পাওয়া গেলে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দায়িত্বে অবহেলার অভিযোগে স্ক্যানিং মেশিন সংশ্লিষ্ট দুই নিরাপত্তা প্রহরী মো. কাদের ও মো. শহীদকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বিমানবন্দর থানা পুলিশের ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, বিমানে করে ওই যাত্রীর বরিশাল থেকে ঢাকা যাওয়ার কথা ছিল। আটক ব্যক্তি বাড়ী যাচ্ছিলেন। বিদেশি সহকর্মীরা তাকে মদের বোতলটি উপহার দিয়েছেন বলে জানা গেছে।

Comments (0)
Add Comment