উগান্ডায় কর্ম ও পরিবহন মন্ত্রীর গাড়িতে গুলি, মেয়েসহ নিহত দুই

মঙ্গলবার দুর্বৃত্তরা উগান্ডায় কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে হামলা চালিয়েছে। এতে গাড়িতে থাকা তার মেয়ে ও গাড়িচালক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন ওই মন্ত্রী। তাকে হত্যার জন্যই এই হামলা চালানো হয়েছিল বলে জানা যায়।

স্থানীয় টেলিভিশন চ্যানেল এনবিএস জানিয়েছে, মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত কিয়াসাসির কাম্পালা শহরতলিতে উগান্ডার কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে গুলিবর্ষণ করে ।

উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ফ্লাভিয়া বাইকওয়াসো বলেন, তার (ওয়ামালা) ওপর গুলি চালিয়েছে… তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রীর গাড়িচালক মারা গেছেন।

যে শহরতলিতে ওয়ামালার ওপর হামলা হয়েছে, সেই একই এলাকায় ২০১৭ সালে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা গুলি করে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছিল। এ হামলায় তার দেহরক্ষী ও গাড়িচালকও প্রাণ হারান।

সূত্র: রয়টার্স ও আলজাজিরা।

Comments (0)
Add Comment