উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে অপেক্ষায় থাকা বিদেশেগামী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নেওয়ার নিবন্ধনের আবেদন জমা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানকারী বিদেশেগামী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য আবেদন করতে হবে।
১৩ জুলাই থেকে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পাসপোর্ট, ভিসা, স্টুডেন্ট আইডি, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ‘ZIP/PDF’ ফাইলে vaccine.coronacell@mofa.gov.bd- ই-মেইলে পাঠাতে হবে।
ই-মেইল পাঠানোর সময় বিষয় হিসেবে উল্লেখ করতে হবে ‘Application for COVID-19 vaccination for students studying abroad (Passport no-)’।
বিদেশগামী শিক্ষার্থীদের করোনার টিকা পেতে আবেদনের জন্য (https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9) গুগল ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
শিক্ষার্থীরা আবেদনের পর তিন কার্যদিবসের মধ্যে সুরক্ষা অ্যাপে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
এ ছাড়া এ নিয়ে কোনো তথ্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। বিদেশগামী এসব শিক্ষার্থীর টিকাদানের তারিখ যাতে এগিয়ে আনা যায়, সে বিষয়ও উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।