কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর এখন মোটামুটি ভালো আছেন খালেদা জিয়া। টিকা নেওয়ার কারণে সামান্য জ্বর এসেছে তার।
বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের ভাড়া বাসা ফিরোজায় যান মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য। এক বছর পর ঈদের দিনে দলীয় চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের।
খালেদা জিয়াকে দেখে আসার পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা যেটা বরাবরই বলে আসছি এবং চিকিৎসকদের যেটা পরামর্শ, সেটা হলো তার উন্নত চিকিৎসা দরকার, উন্নত সেন্টারে। এটা খুবই বেশি প্রয়োজন তার।
রাত ৮টায় মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান গুলশানে খালেদার বাসা ‘ফিরোজা’য় ঢোকেন। এক ঘণ্টা তারা সেখানে ছিলেন। খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনও তাদের সঙ্গে ছিলেন।
দেশবাসীর কাছ থেকে তিনি দোয়া চেয়েছেন এবং ঈদের দিনে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনা থেকে যাতে দেশ মুক্ত হতে পারে, সেজন্য আল্লাহতালার কাছে তিনি দোয়া চেয়েছেন।