লকডাউনে মেলেনি সুফল, সামনে মহাবিপদ!

করোনার সংক্রমণ ও মৃত্যুরোধে সরকারঘোষিত কঠোর লকডাউনের আজ অষ্টমদিন পালিত হচ্ছে।
এক সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও সংক্রমণ ও মৃত্যু হ্রাসের কোনো লক্ষণ নেই। গত কয়েকদিন ধরে দেশে গড়ে দুই শতাধিক করোনা রোগীর মৃত্যু হচ্ছে।

আজ অষ্টম দিনেও সংক্রমণের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ অর্থাৎ প্রায় ৩১ শতাংশ।
এমন পরিস্থিতির মধ্যে আগামী ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প কারখানা খুলে দেয়া হচ্ছে।
ফলে আগামীকাল লকডাউনের নবম দিন থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের রাজধানীতে ফিরে আসার ঢল নামবে।

এতে করে শুধু রাজধানীই নয়, বিভিন্ন বিভাগ ও জেলায় করোনার সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে।
হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়বে।
ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে আইসিইউ শয্যার বেশ সঙ্কট চলছে।
আর রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি রোগীর ৬০ থেকে ৭০ শতাংশ ঢাকার বাইরের। করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে নগরের বাসিন্দারা হাসপাতালে ভর্তির জন্য লাইন দিলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে।

Comments (0)
Add Comment