এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইটে বিজনেস ক্লাসে হানা দিয়েছে পিঁপড়ার দল।
লন্ডনগামী ওই বিমানে পিঁপড়ার কামড়ে কেঁদে ফেলেন কোনো কোনো যাত্রী।
শুরু হয় হুলস্থুল কাণ্ড।
কোনো উপায় না পেয়ে জরুরি অবতরণ করতে হয় এয়ার ইন্ডিয়ার বিমানটিকে।
জানা গেছে, পিঁপড়ার উৎপাতে জর্জরিত বিমানে যাত্রী হিসেবে ছিলেন ভুটানের রাজপুত্র জিগমে নামগিয়েল ওয়াংচুক।
পিঁপড়ার কামড়ের শিকার হন তিনিও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পিঁপড়ার উৎপাতে মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে জরুরি অবতরণ করেন পাইলট।
পরে অন্য একটি বিমানে ওঠানো হয় যাত্রীদের।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত সোমবার দুপুর ২টার দিকে লন্ডনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি।
কিন্তু কিছু দূর যাওয়ার পরই বিজনেস ক্লাসের যাত্রীদের ছেঁকে ধরে পিঁপড়া।
এ সময় পিঁপড়ার কামড়ে কেঁদে ফেলেন কোনো কোনো যাত্রী।
সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় পাইলটের কাছে।
তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন।
এটিসি থেকে বিমানটি ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়।