দেশে পণ্য আমদানির চাপ বাড়ার সঙ্গে ডলারের চাহিদাও বাড়ছে। বাড়তি চাহিদার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। ডলারের দাম বাড়তে থাকায় এর বিপরীতে মান হারাচ্ছে টাকা।
সর্বশেষ আন্তঃব্যাংক মুদ্রাবাজারে বৃহস্পতিবার প্রতি ডলারের মূল্য আরও ১০ পয়সা বেড়ে ৮৫ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।
তবে খোলাবাজারে ও নগদ মূল্যে ডলার আরও বেশি দামে বিক্রি হচ্ছে।
গত দু-তিনদিন একটু দাম কমলেও আবারও তা দুই টাকা বেড়ে ৯০ টাকায় কেনাবেচা হচ্ছে খোলাবাজারে।
চলতি বছরের আগস্টের শুরু থেকে বাড়তে থাকে ডলারের দাম, যা এখন পর্যন্ত অব্যাহত আছে। অন্যদিকে ডলারের সঙ্গে সঙ্গে প্রায় সব বৈদেশিক মুদ্রার দাম বেড়েছে খোলাবাজারে। যদিও ব্যাংকগুলোতে এসব মুদ্রা দু-তিনদিন ধরে ধরে স্থিতিশীল রয়েছে।