পুনরায় চালু হচ্ছে ঈশ্বরদী বিমানবন্দর

বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে সরকার ঈশ্বরদী বিমানবন্দর সংস্কার ও পুনরায় চালুর পরিকল্পনা করছে।
গত ২৮ নভেম্বর জাতীয় সংসদে দেওয়া ভাষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ কথা জানান।

বন্ধ বিমানবন্দর চালুর জন্য ঈশ্বরদী, পাবনা, নাটোর ও কুষ্টিয়ার মানুষ বেশ কিছুদিন ধরে দাবী জানিয়ে আসছিল।
সরকারের মেগা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিদেশীদের পক্ষ হতেও দ্রুত বিমানবন্দর চালুর দাবী জানানো হয়।
২০১৮ সালের সংসদ নির্বাচন এবং ২০২০ সালে পুনঃনির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে বিমানবন্দর চালুর বিষয়টি উল্লেখ থাকলেও দীর্ঘদিন সরকার এব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
পুনঃনির্বাচনে এই আসনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরুজ্জামান বিশ্বাস এমপি নির্বাচিত হওয়ার পর তিনি জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন এবং সরকারের সংশ্লিষ্ট দফতরে তদবির শুরু করেন।
এরই প্রেক্ষিতে ১৫ অক্টোবর বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সরেজমিনে ঈশ্বরদী বিমানবন্দর পরিদর্শন করেন।

ঈশ্বরদী বিমানবন্দরের জন্য মোট ৪৩৬ দশমিক ৬৫ একর জমি অধিগ্রহণ করা হয়।
যার মধ্যে ১৪৫ দশমিক ৯১ একর বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দখলে রয়েছে।
যাতে বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং, রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, নেভিগেশন এবং সংযোগ সরঞ্জাম, অফিসারদের আবাসিক এলাকা এবং বিমানবন্দরে প্রবেশের রাস্তা রয়েছে।

Comments (0)
Add Comment