রানওয়ে বন্ধ থাকায় রাতে চলাচলকারী ২০ ফ্লাইটের অতিরিক্ত চাপে দিনের বেলায় লন্ডভন্ড হয়ে পড়ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ব্যবস্থা।
টার্মিনালে পর্যাপ্ত ট্রলি নেই।
যেগুলো আছে, এর অধিকাংশই নষ্ট।
কাউন্টার থাকলেও নেই পর্যাপ্ত ইমিগ্রেশন পুলিশ।
একটিমাত্র মেশিনের কারণে লাগেজ স্ক্যানিংয়ে দেশে ফেরা যাত্রীদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।
প্রতিটি বিভাগে আছে চরম জনবল সংকট।
বিমান থেকে বেল্টে মালামাল আসতে লেগে যাচ্ছে ১ থেকে দেড় ঘণ্টার বেশি। মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের দুর্ভোগ আরও চরমে।
তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পিসিআর টেস্টর জন্য।
সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত জনবল না থাকায় একসঙ্গে ৩টি ফ্লাইট নামলে লন্ডভন্ড হয়ে যাচ্ছে সব ধরনের যাত্রীসেবা।
দূরদেশ থেকে বিমানবন্দরে নামার পর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এবং মালামাল নিয়ে যাওয়ার জন্য ট্রলি খুঁজে না পেয়ে প্রায়ই যাত্রীরা হইচই, ধাক্কাধাক্কি করছেন।
যাত্রীদের নিতে আসা স্বজনকেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
১০ ডিসেম্বর থেকে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য আগামী ছয় মাস রাত থেকে সকাল পর্যন্ত ৮ ঘণ্টা করে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
এতে দিনরাতের অবশিষ্ট ১৬ ঘণ্টায় ২৪ ঘণ্টার শিডিউল ফ্লাইটের ব্যবস্থাপনা করতে হচ্ছে।