২০২১-২২ অর্থবছরের চলতি জাতীয় বাজেটে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া।
প্রতি ডলার ৮৫ টাকা ধরে হিসেব করলে বাংলাদেশি মুদ্রায় এর অংকের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৫০ কোটি টাকা।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বিষয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে ‘প্রোগ্রাম লোন ফর সাসটেইনেবল ইকোনমিক রিকভারি’ সংক্রান্ত এক ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে।
করোনা মহামারির অভিঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তার অংশ হিসেবেই ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) থেকে এ ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে দক্ষিণ কোরিয়া।
বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অনুবিভাগের এশীয় উইংয়ের প্রধান (অতিরিক্ত সচিব) মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কোরিয়া ইক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক কিম তে সো ঋণ চুক্তিতে সই করেন।