রপ্তানি আয়ে ফের রেকর্ড

 

 

রেকর্ড রপ্তানি আয় হয়েছিল গত বছরের সেপ্টম্বর-অক্টোবরে।
ওই বছরের নভেম্বর বাদ দিয়ে সদ্য সমাপ্ত বছরের শেষ মাসে আবারও রেকর্ড পরিমাণ পণ্য রপ্তানি করেছেন উদ্যোক্তারা।
ডিসেম্বরে মোট ৪৯০ কোটি ৭৬ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবির) তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বরের চেয়ে বেশি রপ্তানি আয় দেশে আগে কখনো আসেনি।

এর আগে একক মাসে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছিল ২০২১ সালের অক্টোবরে। ওই মাসে প্রবৃদ্ধি ছাড়িয়েছিল ৬০ শতাংশের বেশি।
রপ্তানি আয় হয়েছিল ৪৭২ কোটি ৭০ লাখ ৫০ হাজার ডলার।

তার আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরেও রেকর্ড ৪১৬ কোটি ৫৪ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছিল। সেই মাসে প্রবৃদ্ধি হয়েছিল ৩৮ শতাংশ।

রোববার ইপিবি জানায়, ডিসেম্বরে রপ্তানি আয় হয়েছে ৪৯০ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার বা ৪২ হাজার ১৪০ কোটি টাকার বেশি (ডলারপ্রতি বিনিময়মূল্য ৮৬ টাকার হিসাবে)।
গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি ৪৮ দশমিক ২৭ শতাংশ।

এদিকে, রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধিতে বরাবরের মতোই প্রধান ভূমিকা রেখেছে তৈরি পোশাকখাত।
ডিসেম্বরে ৪০৪ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের (২০২০) একই সময়ের চেয়ে ৫২ দশমিক ৫৭ শতাংশ বেশি।
চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই- ডিসেম্বর) এক হাজার ৯৯০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
এতে প্রবৃদ্ধি হয়েছে ২৮ শতাংশ।

Comments (0)
Add Comment