বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষণ দেখতে পাচ্ছি: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে বলে দাবি করেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
অতীত ভুলে সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় পাকিস্তান।
গতকাল সোমবার ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মেহমুদ কুরেশি বলেন, “বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষণ দেখতে পাচ্ছি।
তবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কিছু ‘ফ্যাক্টর’ আছে, যেগুলো বলতে চাই না।”

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ওই সংবাদ সম্মেলনে গত বছর তাঁর সরকারের কূটনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন।
সেখানে অন্য বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ আসে।
মেহমুদ কুরেশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছেন।
শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ইমরান খানেরও বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিয়ে কথা হয়েছে।
তাই বলা চলে, বরফ গলছে।

১৯৭১ সালের গণহত্যার জন্য বাংলাদেশের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি পাকিস্তান।
ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ, অবিভাজিত সম্পদের বণ্টনসহ বাংলাদেশের ঐতিহাসিক দাবিগুলো এখনো পূরণ না করায় পাকিস্তানের সঙ্গে সম্পর্কে স্থবিরতা চলছে।
২০০৯ সালের পর যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপড়েন দেখা দেয়।
তবে গত দুই বছরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

Comments (0)
Add Comment