আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম শফিকুজ্জামান।
বৃহস্পতিবার অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধন ও ব্যয় বিবরণী হালনাগাদ করণের লক্ষ্যে গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান।
সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে আমদানি ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
একইসঙ্গে পাম তেলের দামও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের দাম বাড়ানোর এই প্রস্তাব দিয়ে ৮ জানুয়ারি থেকে দাম বাড়ানোর কথা জানানো হয়।
এরই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণলায় বিষয়টি যাচাই বাছাইয়ের জন্য ট্যারিফ কমিশনে পাঠায়।
তার প্রেক্ষিতেই আজ রিফাইনারস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে অত্যাবশ্যকীয় পণ্য (চিনি ও ভোজ্যতেল) বিদ্যমান মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধন ও ব্যয় বিবরণী হাল নাগাদ করণের লক্ষ্যে গঠিত কমিটি।