পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হয়ে মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়ার আশঙ্কা আছে, কোথাও যেন কিছু একটা হচ্ছে।
আমরা মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়ে যাই কি না, সন্দেহ হচ্ছে আমার।’
গতকাল মঙ্গলবার ‘করোনা-ভাইরাসের থাবা কাটিয়ে শক্তিশালী পুনরুদ্ধারের পথে অর্থনীতি’ শীর্ষক ওয়েবিনারে মন্ত্রী তাঁর আশঙ্কার কথা জানান।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এই ওয়েবিনারের আয়োজন করে।
মন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের পর ১৫ থেকে ২০ বছর ধরে এই অবস্থায় পড়ে থাকতে হয় কি না, এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোসহ পৃথিবীর বহু দেশ মধ্যম আয়ের দেশের ফাঁদে আটকে আছে।
পরিকল্পনামন্ত্রী এই বিষয়কে গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করার জন্য গবেষণা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।
তিনি গবেষকদের উদ্দেশে বলেন, ‘সামাজিক, রাজনৈতিক দ্বন্দ্ব, একে অন্যের সঙ্গে খোঁচাখুঁচির আর্থিক মূল্য কত, তা আপনারা গবেষণা করে খুঁজে বের করুন।
নিশ্চয়ই তার আর্থিক ক্ষতি আছে।’