মঙ্গলবার থেকে আফগানিস্তান সিরিজের টিকিট বিক্রি শুরু

বিপিএলে মাঠে দর্শক প্রবেশ করতে দেয়া হয়েছিল সীমিত সংখ্যক। যাদেরকে প্রবেশ করতে দেয়া হয়েছিল, তাদের কাছে প্রকাশ্যে টিকিট বিক্রি করা হয়নি।
বিপিএল ফ্রাঞ্চাইজিদের কাছে টিকিট দিয়েছিল বিসিবি, সেখান থেকে সংশ্লিষ্ট দলের ভক্তরা খেলা দেখতে মাঠে এসেছিল।
৩ থেকে ৪ হাজার দর্শক বিপিএলের খেলা দেখতে পেরেছিল।

তবে, এবার চট্টগ্রামে আফগানিস্তান সিরিজে গ্যালারির অর্ধেক দর্শক প্রবেশ করানোর পরিকল্পনা বিসিবির।
সরকারের অনুমতির অপেক্ষায়ও ছিল তারা।
আজ বিকেলেই এ তথ্য জানিয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

আর রাত ৯টার পর বিসিবি থেকে আনুষ্ঠানিক মেইল পাঠিয়ে জানানো হলো আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টিকিট বিক্রি করা হবে প্রকাশ্যে।
অর্থ্যাৎ, বিসিবির নির্ধারিত বুথ থেকে টিকিট কিনে খেলা দেখতে পারবেন দর্শকরা। তবে কত পরিমাণ টিকিট ছাড়া হবে সে সংখ্যা উল্লেখ করেনি বিসিবি।

জানিয়েছে ২২ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। সাগরিকার বিটাক মোড়ে অবস্থিত বিসিবির বুথ থেকে ছাড়া হবে টিকিট। সকাল ৯টা থেকে শুরু করে ম্যাচের আগ পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।
তবে নির্ধারিত টিকিট শেষ হয়ে গেলে বিক্রি বন্ধ হয়ে যাবে।

Comments (0)
Add Comment