চাঁপাইনবাবগঞ্জের খড়কপুর উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ছেলের পা হারানোর সংবাদ পেয়ে সেফালী বেগম নামের এক মায়ের মৃত্যু হয়েছে।
এ সময় ট্রাক্টরচালক মো.সুমনসহ চারজন আহত হন।
মঙ্গলবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট-সোনামসজিদ মহাসড়কের খড়কপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয় জানায়, আজ মঙ্গলবার সকাল বেলা ১১টার দিকে মাটি বোঝায় ট্রাক্টর ধোবড়ার দিক থেকে কানসাটের দিকে যাচ্ছিল।
এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাক ট্রাক্টরটিকে পাশ কাটাতে গেলে সংঘর্ষ হয়।
এ সময় চারজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখান থেকে আহত আ. মাতিন , সুমন ও মো.সজিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনায় ট্রাক্টরচালক ছেলে সুমনের পা হারানোর সংবাদ শুনে তার মা সেফালী বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মৃত ব্যক্তির নাতি বাবুল জানান, তার দাদী দুর্ঘটনায় ছেলের আহতের সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন।
এর কিছুক্ষণ পর সংবাদ আসে সুমনের দুই পা কেটে ফেলতে হবে।
এছাড়া আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। বিষয়টি জানার পর দাদী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।