বরিশালের গৌরনদী উপজেলায় নিজ কন্যাসন্তানকে (৪২ দিন) গলাটিপে হত্যা করেছেন এক মা। সিমা বেগম (২৬) নামের ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি পুলিশের কাছে সন্তান হত্যার কথা স্বীকার করেছেন।
মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা উমেদআলী গ্রামে নানা বাড়ির পুকুর থেকে গত ১৬ ফেব্রুয়ারি রুকাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুর নাম রুকাইয়া। সে কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেন মেলকার ও সীমা বেগম লিপি দম্পতির মেয়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন জানান, শিশুটিকে হত্যা করা হয়েছে বলে পুলিশের সন্দেহ হয়।
ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া যায়।
হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য সীমাকে সোমবার দুপুরে থানায় নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাতে হত্যার কথা স্বীকার করেন তিনি।
পুলিশকে জানান, গলা টিপে হত্যার পর মেয়ের মরদেহ তিনি পুকুরে ফেলে দেন।