বাংলাদেশ থেকে আরও জনবল নিতে আগ্রহ প্রকাশ করেছেন সফররত মালয়েশিয়ার প্ল্যান্টেশন ইন্ডাস্ট্রি অ্যান্ড কমোডিটিজ মন্ত্রী জুরাইদা কামারউদ্দিন।
বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান জুরাইদা।
পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রী জুরাইদা কামারউদ্দিন দেশটির বৃক্ষরোপণ খাতের জন্য সরকার টু সরকার (জিটুজি) চ্যানেলে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রস্তাব দেন এবং তা নিয়ে আলোচনা করেন।
প্রস্তাবিত নিয়োগ পদ্ধতি নিয়ে জুরাইদা বলেন, তারা শ্রমিকদের উপযুক্ত বেতন-আবাসনসহ মৌলিক অধিকার ও সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান। একইসঙ্গে নিয়োগ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে চান।
এছাড়া কর্মীদের তদারকি করার জন্য একটি ট্র্যাকিং সিস্টেম চালু করারও আগ্রহের কথা জানান মালয়েশিয়ার মন্ত্রী।
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালেশিয়ার প্রস্তাবকে একটি ‘ভালো প্রস্তাব’ হিসেবে উল্লেখ করেন শেখ হাসিনা।