ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বাংলাদেশের যেকোনো খেলাধুলারই খবরাখবর রাখার চেষ্টা করেন তিনি।
বিশেষ করে ক্রিকেট দলের প্রায় সব ম্যাচই টিভিতে কিংবা মাঠে উপস্থিত থেকে দেখার চেষ্টা করেন তিনি।
ব্যতিক্রম হয়নি আজও। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতার ম্যাচটি টিভির সামনে বসে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টাইগাররাও হতাশ করেননি প্রধানমন্ত্রীকে।
৩০৬ রান করে আফগানিস্তানকে হারিয়েছে ৮৮ রানের বড় ব্যবধানে।
পুরো ম্যাচে অন্তত পাঁচবার তিনি ফোন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে।
সেঞ্চুরিয়ান লিটন দাস ও ফিফটি করা মুশফিককেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
প্রথম ম্যাচের মত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের হসপিটালিটি বক্সে বসে আজকের ম্যাচটিও দেখেছেন পাপন।
খেলা শেষে মাঠ ছাড়ার সময় সংবাদ মাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে প্রধানমন্ত্রীর ফোন দেওয়ার এবং অভিনন্দন জানানোর কথা জানিয়েছেন পাপন।