দেশে ভোজ্যতেলের দাম যতটা বাড়ে তার পুরোটাই যাতে ভোক্তার ওপর না পড়ে সে বিষয়ে সরকারের চিন্তা থাকে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ থেমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে উদ্বিগ্ন কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আপনারা জানেন কী কারণে দাম বাড়ছে।
আমি আগেও বলেছি যে পরিমাণ দাম বাড়ে তার পুরোটাই ভোক্তার ওপর যাতে না পড়ে সে বিষয়ে আমাদের চিন্তা থাকে।
আমরা এজন্য ভাগাভাগি করে নেই।
কিছু ভোক্তা বহন করবে, কিছু সরকার বহন করবে।
এভাবেই আমরা একটা ইক্যুয়েশনের মধ্যে দিয়ে কাজগুলো করছি।