‘বিশ্বের সেরা বোলার হতে চাই’

অল্প সময়ের মধ্যে ক্যারিয়ারের উত্থান-পতনটা বেশ ভালোভাবেই দেখে ফেলেছেন বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ।
ইনজুরি আর অফ-ফর্মের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন।
যে সময়টা মনে করা হচ্ছিল অন্য অনেকের মত তাসকিনও হারিয়ে যাচ্ছেন, তখন নব-উদ্যমে যেন জেগে উঠেছিলেন।

তাসকিন আহমেদের ফিরে আসতে পারার গল্পটা ২০২১ সালে ছিল সবার মুখে মুখে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দল খারাপ করলেও বল হাতে তাসকিন ছিলেন সপ্রতিভ।
সেই ফিরে আসার পর বেশ ধারাবাহিকই বলা যায় তাকে।

সদ্যই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটিতেই ছিলেন সেরা একাদশে।
ধারাবাহিকতা দেখিয়েছেন এই সিরিজেও।
উইকেট সব মিলিয়ে ৩টি পেলেও বোলিং ছিল তার নিয়ন্ত্রিত।

আছেন দক্ষিণ আফ্রিকা সফরেও।
প্রোটিয়াদের মাটিতে তাসকিন আরো ধারালো হয়ে উঠবেন, এটা সবারই প্রত্যাশা।
তবে, তাসকিনের প্রত্যাশা প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া। সবচেয়ে বড় কথা, তিনি বিশ্বের সেরা একজন বোলার হতে চান।
সে জন্য এখন যা যা করা প্রয়োজন সে সব করে যাচ্ছেন এই ডানহাতি পেসার।

Comments (0)
Add Comment