দেশে ফের বেড়েছে চাল-আটা-ছোলার দাম

কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হওয়া চাল ও আটার দাম নতুন করে আরও বেড়েছে।
রাজধানীর বাজারগুলোতে গত এক সপ্তাহে চালের দাম কেজিতে তিন থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে।
আটার দাম বেড়েছে কেজিতে চার টাকা পর্যন্ত।
গত এক সপ্তাহে দাম বাড়ার তালিকায় আরও রয়েছে ময়দা, ছোলা, আদা, রসুন, শুকনা মরিচ।

রাজধানীর বিভিন্ন খুচরা ব্যবসায়ীর দেওয়া তথ্যের পাশাপাশি এসব পণ্যের দাম বাড়ার তথ্য উঠে এসেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যেও।
তবে বাজারের প্রকৃত দামের সঙ্গে টিসিবির দামের কিছুটা তারতম্য রয়েছে।

খুচরা ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে সরু চাল বা মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে তিন-ছয় টাকা পর্যন্ত বেড়েছে।
এক সপ্তাহ আগে ৬২-৬৪ টাকা কেজি বিক্রি হওয়া চিকন চালের দাম বেড়ে এখন ৬৬ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

Comments (0)
Add Comment