মোহামেডানের হয়ে খেলতে আজ বিকেলে ঢাকায় হাফিজ

মোহামেডানের হয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলতে ঢাকায় চলে এলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। সাদাকালো জার্সিধারীদের হয়ে আগামীকাল ১৬ মার্চ শেরে বাংলায় শাইনপুকুরের বিপক্ষে খেলবেন পাকিস্তানের এ সাবেক তারকা।

মোহামেডান ক্রিকেট সম্পাদক সেলিম শাহেদ জাগো নিউজকে জানান, মঙ্গলবার বিকেল ৫টার কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হাফিজ।

আজই কমিশনে তার রেজিস্ট্রেশন করানো হবে। সেলিম শাহেদ নিশ্চিত করেছেন, হাফিজ কাল বুধবার মোহামেডানের পক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন।

আগেই জানা, মোহামেডানের ৬ ক্রিকেটার (সাকিব আল হাসান, মুশফিুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহী) এখন জাতীয় দলের সাথে দক্ষিণ আফ্রিকায়।

তাদের ঘাটতি পোষাতেই মোহামেডান হাফিজের মত অভিজ্ঞ ও পরিণত অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে। মোহামেডান ক্রিকেট কমিটির অন্যতম শীর্ষ কর্তা সেলিম শাহেদ জানিয়েছেন, হাফিজের সাথে পুরো লিগই চুক্তি মোহামেডানের। ‘ আমরা পুরো লিগের জন্যই হাফিজকে দলে নিয়েছি।’

Comments (0)
Add Comment