আড়াই মাসে বন্দর দিয়ে এলো সোয়া তিন লাখ টন তেল

বছরে দেশে ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা থাকলেও অর্থবছরের প্রথম সাড়ে আট মাসে আমদানি হয়েছে এর চেয়েও বেশি।
এর মধ্যে গত আড়াই মাসে আমদানি হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টন। যার বেশিরভাগ আমদানি করেছে দেশের শীর্ষ পাঁচ শিল্প গ্রুপ।
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে বর্তমানে দাম বাড়লেও আমদানিকারকদের হাতে থাকা ভোজ্যতেলের দাম বাড়েনি।
সম্প্রতি যে পরিমাণে আমদানি হয়েছে, আগামী রমজানে ভোজ্যতেলের সংকট হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন ব্যবসায়ীরা।

তবে আমদানিকারকরা বলছেন, দেশে অভিযানের নামে মফস্বল এলাকার ব্যবসায়ীদের যেভাবে হয়রানি করা হচ্ছে, এভাবে চলতে থাকলে পর্যাপ্ত মজুত থাকলেও মাঠ পর্যায়ের বিক্রেতাদের অনীহার কারণে রমজানে সংকটের আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত সাড়ে আট মাসে ২৪ লাখ ৪৬ হাজার ৪৭ টন ভোজ্যতেল আমদানি হয়েছে।
এর মধ্যে পাম অয়েল ক্রুড এসেছে ১৫ লাখ ৮৫ হাজার ৮৬৭ টন।
পরিশোধিত পাম অয়েল খালাস হয়েছে ১০ হাজার টন।
অন্যদিকে সয়াবিন অয়েল ক্রুড এসেছে আট লাখ ৫০ হাজার ১৮৭ টন।
এর মধ্যে দেশের শীর্ষ পাঁচ শিল্প গ্রুপ আমদানি করেছে ১৯ লাখ ৫৪ হাজার ১৬২ টন ভোজ্যতেল।

Comments (0)
Add Comment