চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে খেলনা গাড়ির ভেতর থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট।
বৃহস্পতিবার দুপুরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার বারগুলো জব্দ করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে জেদ্দা থেকে আসা বিজি-৪১৩৬ ফ্লাইটে আসেন মো. সাজ্জাদ হোসেন নামের এক যাত্রী।
সন্দেহ হলে তার লাগেজ স্ক্যান করে খেলনা গাড়ি দেখতে পাওয়া যায়।
এর মধ্যে রাখা লিথিয়াম ব্যাটারির কার্বনের ভেতর কালো রঙের স্কচটেপ দিয়ে কৌশলে পেঁচানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজভী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।