রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলা সত্ত্বেও এশিয়ার উন্নয়নশীল অর্থনীতি বাড়বে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ধারণা করা হচ্ছে চলতি বছরে বা ২০২২ সালে এশিয়ার প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক দুই শতাংশ ও ২০২৩ সালে যা বেড়ে দাঁড়াতে পারে পাঁচ দশমিক তিন শতাংশে।
অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি পুনরুদ্ধারের ফলেই অর্থনীতি বাড়বে।
বুধবার (৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনীতি এ সময়ে প্রসারিত হবে। অর্থাৎ দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনা মহামারির পূর্বের অবস্থায় ফিরে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জানা গেছে, পূর্ব এশিয়ায় ২০২২ ও ২০২৩ সালে প্রবৃদ্ধি হবে যথাক্রমে চার দশমিক সাত শতাংশ ও চার দশমিক পাঁচ শতাংশ।
তাছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া ২০২২ সালে প্রবৃদ্ধি হবে চার দশমিক নয় শতাংশ।
যা ২০২৩ সালে দাঁড়াবে পাঁচ দশমিক দুই শতাংশে।
অন্যদিকে দক্ষিণ এশিয়ায় একই সময়ে প্রবৃদ্ধি দাঁড়াবে যথাক্রমে সাত শতাংশ ও সাত দশমিক চার শতাংশ।