‘দরকার হলে মোস্তাফিজকে টেস্টে ফেরানো হবে’

মোস্তাফিজুর রহমান আপাতত টেস্ট দলের বাইরে। ইনজুরির ঝুঁকি কমাতে তিনি নিজেও টেস্ট খেলতে আগ্রহী নন।
তবে মোস্তাফিজ না চাইলেও তাকে টেস্টে ফেরানো হতে পারে, এবার এমন কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ (শনিবার) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বিসিবির ইফতার অনুষ্ঠানে পাপন বলেন, ‘আমরা ক্রিকেটারদেরকে একটা ফরম্যাট পাঠিয়েছিলাম, কে কোন ফরম্যাট খেলতে চায় (বলার জন্য)।
যারা যারা টেস্ট খেলতে চায়, তিনটাই খেলতে চায়, দুটো খেলতে চায়; সে অনুযায়ী তাদের রাখা হয়েছে।’

সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ।
তাসকিন আহমেদ আর শরিফুল ইসলাম চোটের কারণে নিউজিল্যান্ড সফরের সময়ই ছিটকে গেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে এবার চোটে পড়েছেন টেস্ট দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার এবাদত হোসেন।

এমতাবস্থায় টেস্ট দলে পেসার সংকট দেখা দিয়েছে।
মোস্তাফিজুর রহমান টেস্ট খেলেন না। কিভাবে দল সাজাবে বিসিবি? মোস্তাফিজ ইস্যুতে পাপন বলেন, ‘মোস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি, সে বলেনি টেস্ট খেলতে চায়।’

সঙ্গে বিসিবি সভাপতি যোগ করেন, ‘ও (মোস্তাফিজ) বললো কি বললো না, সেটা বড় কথা না।
মোস্তাফিজকে যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। কারণ, এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজেও মোস্তাফিজকে দরকার হয়, অবশ্যই খেলবে।’

Comments (0)
Add Comment