ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবীয় দেশটির উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।
মোট তিনভাগে ভাগ হয়ে উইন্ডিজ সফরের জন্য উড়াল দিবে টাইগাররা। প্রথম ধাপে আজ (৩ জুন) ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দিচ্ছেন মোট ৭ ক্রিকেটার;
যার মধ্যে সন্ধ্যায় রওনা দিচ্ছেন টাইগারদের ৬ টেস্ট ক্রিকেটার।
তারা হলেন এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন এবং রেজাউর রাজা।
সদ্য টেস্ট অধিনায়কত্ব ছাড়া মুমিনুল হকও যাওয়ার কথা ছিল একই ফ্লাইটে।
কিন্তু ফ্লাইট জটিলতায় রাতে আলাদাভাবে একাই রওনা দেবেন সাবেক এই টেস্ট অধিনায়ক।
প্রথম ধাপে সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ৭টা ৪৫ মিনিটে উড়াল দিয়েছেন ৬ ক্রিকেটার। মুমিনুল রওনা দেবেন রাত সাড়ে ১০টায়।
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। দুই দলের মধ্যকার সিরিজ শুরু হবে ১৬ জুন অ্যান্টিগা টেস্টের মধ্য দিয়ে। ২৪ জুন হবে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাকিব আল হাসানের অধিনায়কত্বের তৃতীয় ধাপ শুরু হবে।
সামনের মাসের ২, ৩ ও ৭ জুলাই হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
এ ছাড়াও ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।